ফুটবল ম্যাচ ৯০ মিনিটের কেন হয়? রয়েছে এক অজানা গল্প, জেনে নিন
বিশ্বকাপ চলছে। এখন ফুটবল সমর্থকদের রাতে ঘুম উড়েছে। এই সময় ফুটবল ঘিরে বহু প্রশ্ন ঘুরপাক খাচ্ছে সোশ্যাল মিডিয়ায়। আচ্ছা বলুন তো, ফুটবলের প্রতিটি ম্যাচ ৯০ মিনিটের কেন হয়! দর্শকরা এই সময়টাকেই স্বাভাবিক বলে ধরে নেন। তবে এই সময়সীমা কীভাবে নির্ধারিত হল, তার পেছনে রয়েছে প্রায় দেড়শ বছরের ইতিহাস, ফুটবলের নিয়মের বিবর্তন এবং খেলোয়াড়দের শারীরিক সক্ষমতা নিয়ে দীর্ঘ গবেষণা। আধুনিক ফুটবলের শুরুর দিকে ম্যাচের নির্দিষ্ট সময় ছিল না। বিভিন্ন অঞ্চল ও প্রতিযোগিতায় ৬০, ১০০ কিংবা ১২০ মিনিট পর্যন্তও ম্যাচ অনুষ্ঠিত হত। ১৮৬৬ সালে লন্ডন ও শেফিল্ডের একটি ঐতিহাসিক ম্যাচ ৯০ মিনিট ধরে অনুষ্ঠিত হয়। পরে ১৮৭৭ সালে দ্য ফুটবল অ্যাসোসিয়েশন (FA) এবং শেফিল্ড ফুটবল অ্যাসোসিয়েশনের নিয়ম স্বীকৃতি পায়। ৪৫ মিনিটের দুটি অর্ধ মিলিয়ে ৯০ মিনিটকে ম্যাচের আনুষ্ঠানিক সময় হিসেবে স্বীকৃতি দেওয়া হয়। পরবর্তীতে ফিফা (FIFA) আন্তর্জাতিক ফুটবলেও একই নিয়ম অনুসরণ করে, যা আজও বহাল রয়েছে। যে কোনও ফুটবল ম্যাচকে দুই দলের জন্য সমানভাবে ভাগ করার উদ্দেশ্যে ৪৫ মিনিটের দুটি অর্ধ নির্ধারণ করা হয়। মাঝখানে ১৫ মিনিটের বিরতি রাখা হয়, যাতে ফুটবলাররা সেই সময়টাতে বিশ্রাম নিতে পারেন। আর সেই সময় দুই দলের কোচও খেলার কৌশল নিয়ে আলোচনা করার সুযোগ পান। স্পোর্টস সায়েন্স বলছে, প্রতিযোগিতামূলক ফুটবলে ৯০ মিনিট এমন একটি সময়সীমা, যেখানে খেলোয়াড়রা সর্বোচ্চ পারফরম্যান্স ধরে রাখতে পারেন। এর বেশি সময় ধরে একই তীব্রতায় খেললে ক্লান্তি বাড়ে, পেশির কার্যক্ষমতা কমে যায় এবং চোটের ঝুঁকিও বেড়ে যায়। একজন পেশাদার ফুটবলার একটি ম্যাচে গড়ে ১০ থেকে ১৩ কিলোমিটার পর্যন্ত দৌড়ন। কখনও এই দূরত্ব আরও বাড়তে পারে। ম্যাচ চলাকালীন ইনজুরি, খেলোয়াড় বদলি, VAR পর্যালোচনা কিংবা সময় নষ্টের কারণে খেলা বন্ধ থাকলে সেই সময় পূরণ করতে রেফারি স্টপেজ টাইম যোগ করেন। কার্যত ৯০ মিনিটের খেলাই নিশ্চিত করার চেষ্টা করা হয়। যে কোনও প্রতিযোগিতার নকআউট পর্বে নির্ধারিত ৯০ মিনিট শেষে স্কোর সমান থাকলে আরও ৩০ মিনিটের অতিরিক্ত সময় (এক্সট্রা টাইম) খেলা হয়। এর পরও ফল না এলে টাইব্রেকারের মাধ্যমে বিজয়ী নির্ধারণ করা হয়। তবে গ্রুপ পর্বের ম্যাচে অতিরিক্ত সময়ের কোনও নিয়ম নেই। ফুটবল ম্যাচের এই ৯০ মিনিটের নিয়ম চালু হয়েছিল টেলিভিশনের যুগের বহু আগেই। অনেকেই সেটা জানেন না।
2026-07-09T13:50:42Z