AB DE VILLIERS: সেরা পাঁচের তালিকায় রাখেননি, কোহলির কাছে ক্ষমা চেয়ে নিলেন ডিভিলিয়ার্স

নয়াদিল্লি: তিনি বিরাট কোহলির (Virat Kohli) অত্যন্ত কাছের মানুষ। বিরাটের টানে বারবার ছুটে আসেন ভারতে। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর আইপিএল চ্যাম্পিয়ন হলে সেলিব্রেশনে হাজির থাকেন। বিরাট-অনুষ্কা শর্মার দ্বিতীয় সন্তান জন্মানোর আগেই সুখবরটা প্রথম জানিয়েছিলেন তিনিই।

সেই এ বি ডিভিলিয়ার্স নিজের পছন্দের দলে রাখলেন না কোহলিকে!

এ বি-র সঙ্গে বিরাট কোহলির বন্ধুত্বের কথা প্রত্যেক ক্রিকেটপ্রেমী জানেন। দু'জনেই দু'জনকে খুব সম্মান করেন এবং বহুবার একে অপরের প্রশংসা করেছেন। কিন্তু দক্ষিণ আফ্রিকার প্রাক্তন ক্রিকেটার ডিভিলিয়ার্সকে যখন তাঁর সেরা ৫ জন ক্রিকেটারের (যাঁদের বিরুদ্ধে বা সঙ্গে তিনি খেলেছেন) কথা জিজ্ঞাসা করা হয়েছিল, তখন আশ্চর্যজনকভাবে তিনি বিরাট কোহলিকে সেই তালিকায় রাখেননি। তাঁর এই তালিকায় সচিন তেন্ডুলকর রয়েছেন। যদিও এর পরে তিনি বিরাট কোহলির কাছে ক্ষমাও চেয়েছেন।

এ বি ডিভিলিয়ার্স সেরা ৫ জনের মধ্যে সচিন তেন্ডুলকরকে একমাত্র ভারতীয় খেলোয়াড় হিসাবে অন্তর্ভুক্ত করেছেন। এছাড়াও, ডিভিলিয়ার্স একজন পাকিস্তানি এবং ৩ জন অস্ট্রেলিয়া, ইংল্যান্ড এবং দক্ষিণ আফ্রিকার ক্রিকেটারকে বেছে নিয়েছেন। 

ডিভিলিয়ার্স দক্ষিণ আফ্রিকার অলরাউন্ডার জ্যাক কালিস, ইংল্যান্ডের অ্যান্ড্রু ফ্লিন্টফ, অস্ট্রেলিয়ার শেন ওয়ার্নকে বেছে নিয়েছেন। তিনি পাকিস্তানের বোলার মহম্মদ আসিফকেও তালিকায় রেখেছেন।

বিরাট কোহলির কাছে ক্ষমা চাইলেন

যদিও বিরাট কোহলিকে তালিকায় অন্তর্ভুক্ত না করার জন্য ডিভিলিয়ার্স ক্ষমাও চেয়েছেন। তিনি একটি পডকাস্টে এই খেলোয়াড়দের নাম উল্লেখ করে বলেন, "যখন সচিন তেন্ডুলকর ব্যাটিংয়ের জন্য মাঠে নামতেন, তখন যেভাবে তাঁকে স্বাগত জানানো হতো, যেন সবকিছু থমকে যেত। তাঁকে ব্যাটিং করতে দেখাটা খুব ভাল অনুভূতি। বিরাট কোহলি, ক্ষমা কোরো। তবে এই ধরনের প্রশ্নের উত্তর দেওয়াটা একটু কঠিন হয়ে যায়।"

এ বি ডি'ভিলিয়ার্সের মতে, জ্যাক কালিস এখনও পর্যন্ত সেরা ক্রিকেটার। তিনি বলেন, "জ্যাক কালিস সেরা অলরাউন্ডার বা এখনও পর্যন্ত সেরা ক্রিকেটার।"

তিনি পাকিস্তানের মহম্মদ আসিফকে এই তালিকায় বেছে নিয়ে বলেন যে, "আমার কেরিয়ারে বিরুদ্ধে বোলিং করা সেরা বোলারদের মধ্যে আসিফও ছিল। আমি শ্যেন ওয়ার্নের বিরুদ্ধে খেলতে পছন্দ করতাম, আমার কোনও সমস্যা হয়নি।" তিনি আরও বলেন যে তিনি ওয়ার্নের ব্যক্তিত্বও পছন্দ করেন।

অ্যান্ড্রু ফ্লিন্টফ সম্পর্কে তিনি বলেন, "ও বড় ম্যাচে ভাল খেলত। এজবাস্টনে জ্যাক কালিসকে যা বল করেছিল, দুর্দান্ত ইয়র্কার বল করতে আমি দেখেছি।"

2025-09-01T17:12:39Z